ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় আইন বহির্ভূত

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৪৬

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন গতকাল এক বিবৃতিতে বলেন, জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। কিন্তু আদালতের রায়ে দণ্ডিত বিতর্কিত রাজনৈতিক নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের আদৌ কোনো মতবিনিময় হয়নি। তাই জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক হয়েছে। এটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ। জাতীয় প্রেসক্লাব এই ধরনের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রেসক্লাব সভাপতি আগামীতে জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া ১০ অক্টোবর ক্লাব অডিটোরিয়ামে অন্য একটি সংগঠনের ব্যানারে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠানটি সম্পূর্ণ আইন বহির্ভূত। তিনি জাতীয় প্রেসক্লাবে এ ধরনের অনুষ্ঠানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।