ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গতকাল সোমবার তাকে রিমান্ডে পাঠানো হয়। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, লখিমপুর খেরির ঘটনায় গত শনিবার ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আশিষ মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আশিষ প্রশ্নের জবাব দিতে গড়িমসি করছিলেন আর সহায়তা করছিলেন না বলে পুলিশ জানায়।
উত্তর প্রদেশ পুলিশ গতকাল আশিষ মিশ্রর ১৪ দিনের রিমান্ড চেয়েছিল। ঘটনার ষড়যন্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য ১৪ দিনের রিমান্ড দরকার বলে জানায় পুলিশ। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। উত্তরপ্রদেশ পুলিশের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ৩ অক্টোবরের ঘটনার বেশ কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা করতে পারছেন না মন্ত্রীপুত্র। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পর সেখান থেকে হারিয়ে যান মন্ত্রীপুত্র। মন্ত্রীপুত্র স্বীকার করেছেন যে গাড়িটি চাপা দিয়েছে তার মালিক তিনি। তবে তার ঘটনার সময়ে তিনি তাতে ছিলেন না।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর কৃষকদের এক শান্তিপূর্ণ বিক্ষোভে গাড়ি চাপায় চার কৃষক নিহত হন। এর পর সেখানে সংঘর্ষে মোট আট জন নিহত হন। কৃষকদের অভিযোগ, সমাবেশে গাড়ি উঠিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্র।
এদিকে মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবিতে উত্তরপ্রদেশে মৌন বিক্ষোভ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতারা। তাদের দাবি নিরপেক্ষ তদন্তের জন্যই অজয়কে বরখাস্ত করতে হবে। অন্যদিকে লখিমপুর খেরির ঘটনায় মুম্বাইয়ে বন্্ধ ও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বনেধ সব দোকানপাট বন্ধ থাকলেও একমাত্র জরুরি পরিষেবা এই আওতার বাইরে ছিল। এই বনেধর ডাক দেয় মহারাষ্ট্রের জোট সরকার।
