প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উপদেষ্টার সঙ্গে নোয়াব নেতাদের সাক্ষাত্

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ সংবাদপত্র ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) নেতারা প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। গতকাল মঙ্গলবার গুলশানে সালমান এফ রহমানের কার্যালয়ে এ সাক্ষাত্ ও মতবিনিময় অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নোয়াবের নেতারা সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা তুলে ধরেন। উপদেষ্টা সালমান এফ রহমান সমস্যাগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক এম শামসুর রহমান, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং নিউ এজের প্রকাশক শহিদুল্লাহ বাদল খান।