ঋণ কর্মসূচি সম্প্রসারণ করবে এসএমই ফাউন্ডেশন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

ঋণ কর্মসূচি সম্প্রসারণ করবে এসএমই ফাউন্ডেশন। এজন্য ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক শেখ মো. সেলিম এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকা প্রদান করবে, যা হতে ফাউন্ডেশন বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এসএমই ক্লাস্টার ও নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে। গভর্নর তার বক্তব্যে উল্লেখ করেন, ঋণ তহবিলের সঠিক বিতরণ ও ব্যবহার নিশ্চিত করা হলে, ভবিষ্যতে এই তহবিলের পরিমান আরো বৃদ্ধি করা হবে।