ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১, সরকারের ইশতেহার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে একটি সমন্বিত জাতীয় শিল্পনীতি প্রণয়নের তাগিদ দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। এ নীতিতে নতুন অগ্রাধিকারখাত চিহ্নিত করে রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ বের করতে হবে। পাশাপাশি একে কাগজে সীমাবদ্ধ না রেখে একটি আইনি ভিত্তিতে রূপ দিতে হবে। আইবিএফবি’র এক প্রতিনিধিদল গতকাল শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর সঙ্গে বৈঠককালে এ তাগিদ দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের সভাপতি হুমায়ুন রশীদ, সাবেক সভাপতি হাফিজুর রহমান খানসহ পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকে আইবিএফবি’র নেতারা বলেন, শিল্পখাতে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে ব্যবসার সুযোগ সহজ করতে হবে। শিল্প-কারখানা স্থাপনে ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে অনুমোদনের পরিবর্তে শুধুমাত্র শিল্প মন্ত্রণালয় থেকে সকল বিষয়ে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে তারা শিল্প মন্ত্রণালয়ে একটি ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ দেন। শিল্পমন্ত্রী বলেন, শিল্পখাতে বিরাজমান পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে এগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
