ফল : বৈচি

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২০:১৯

অনন্য পুষ্টিগুণ সমৃদ্ধ টক মিষ্টি ফল। টিপফল, লুকলুকি, পেলাগোটা, পানিয়ালা, পানি আমলা পাইন্ন, পাইন্যাগুলা, বেহুই বিভিন্ন নামে পরিচিত। নিচু ভূমি এবং পাহাড়ি এলাকায় বৃষ্টিবহুল অঞ্চলে জন্মে। গাছ ১০ মিটার পর্যন্ত লম্বা হয়। কাণ্ড ও ডাল কাঁটাযুক্ত। গাঢ় সবুজ ও ডিম্বাকৃতির পাতার অগ্রভাগ সুচালো এবং পাতার কিনার খাঁজকাটা। মার্চ-এপ্রিলে সুগন্ধিযুক্ত সাদাটে সবুজ বা বেগুনি রঙের গুচ্ছ গুচ্ছ ফুল ফোটে। পরে মার্বেলের মতো গোলাকার ফল ধরে। কাঁচা অবস্থায় ফলের রং সবুজ। ফল পাকা শুরু হয় জুলাই-আগস্ট মাসে। পাকা ফল লালচে বেগুনি রঙের। পাকা ফলের ভেতরটা বাদামি বা কালচে গোলাপি। ফলটি টিপে নরম করে খেতে হয়। বৈচি ফল ভর্তা বা শরবত করে খাওয়া যায়। তৈরি করা যায় সুস্বাদু আচারও।

বৈচির রয়েছে নানাবিধ ঔষধিগুণ। পাকা ফল হজমশক্তি বাড়ায়। হূদরোগীদের জন্য বিশেষ উপকারী। কারণ এতে রয়েছে রক্ত তরল করার নানাবিধ উপাদান। এর ভিটামিন-সি খাবারের রুচি বাড়িয়ে মুখের ক্ষত সারাতে কার্যকর। এসিডিটির সমস্যা থাকলে তা দ্রুত নিরাময় করে। লিভারের রোগেও উপকারী। ডায়রিয়া রোগের ওষুধ। বৈচি গাছের শেকড় চিবিয়ে খেলে দাঁতব্যথা উপশম হয়। ফল শুকিয়ে মালা গেঁথে গলায় পড়লে জণ্ডিসে উপকার মেলে। বৈচি গাছের পাতা বেটে প্রলেপ দিলে বাতব্যথা ভালো হয়। হাত-পায়ে জ্বালাপোড়া হলে গাছের পাতা থেতো করে মালিশ করলে জ্বালা কমে। বৈচি গাছের পাতা ও মূল অনেকে সাপের কামড়ের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে।

আশরাফুল আলম