ঝুলন্ত তার আর কত দিন?

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২১:১৫

ঢাকা নগরীর বহু বছরের এক চলমান আতঙ্কের নাম ঝুলন্ত তার। মাথার ওপরে বিদ্যুত্, ইন্টারনেট, কেবল টিভি ও টেলিফোনসহ বিভিন্ন বৈধ ও অবৈধ সংযোগের তার বাড়তে বাড়তে অনেক স্থানে তা মাটি স্পর্শ করার উপক্রম। বাসাবাড়ির বারান্দা থেকে হাত বাড়ালেই হাইভোল্টেজের বৈদ্যুতিক তার। বারান্দায় কাপড় শুকোতে গিয়ে এসব তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন অনেকে। শিশুরা থাকে চরম নিরাপত্তাহীনতায়। রাজধানীর প্রায় সব সড়কের পাশেই বিদ্যুতের খুঁটিতে ঝুলতে থাকা তার নেমে গেছে ফুটপাতের ওপর। এই ঝুলে থাকা তারে আটকে দুর্ঘটনার শিকার হন অনেক মোটরসাইকেল আরোহী। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন পথচারীরা। ঢাকার দুই সিটি করপোরেশন মাটির নিচ দিয়ে লাইন টানার পরিকল্পনা নিলেও দীর্ঘ ১০ বছরের বেশি সময়ে সে কাজে বিশেষ অগ্রগতি হয়নি। আবার অনেক স্থানে তার অপসারণ করার কয়েকদিনের মধ্যেই তা পুনঃসংযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন। এছাড়া বিভিন্ন সেবাদাতাপ্রতিষ্ঠান ঝুলন্ত তার নামিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো তারা ঝুলন্ত তারের মাধ্যমেই সংযোগ দিচ্ছে। এসব উদাসীনতার ফলে বিপজ্জনক ও জঞ্জালের নগরী হয়ে উঠেছে রাজধানী ঢাকা। তাই সমস্ত ঝুলন্ত তার অপসারণ করা এখন নগরবাসীর প্রাণের দাবি।

মো. সৈয়দুর রহমান, শিক্ষার্থী, ঢাকা কলেজ