করোনা ভাইরাস সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে পর্যটনকেন্দ্রগুলো। মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। ভ্রমণপিপাসুদের আনাগোনায় মুখর হয়ে উঠছে পর্যটন এলাকা। শরত্কাল পাহাড়ে ভ্রমণের জন্য আদর্শ সময়। তাই প্রতিবারের মতো এ শরতেও হাজার হাজার মানুষ পাহাড়ে যাচ্ছে প্রকৃতিকে কাছে থেকে দেখতে। দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দ ‘খৈয়াছড়া ঝরনা’। এখানে সারা বছর পর্যটকের ভিড় লেগেই থাকে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারের উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪.২ কিলোমিটার পূর্বে এই ঝরনার অবস্থান। মহাসড়ক থেকে ঝরনায় যেতে ১ কিলোমিটার পাকা রাস্তা পরে বাকি পথ গাড়ি চলাচলের অনুপযোগী হওয়ায় পায়েই হেঁটে যেতে হয়। একটু বৃষ্টি হলেই হেঁটে যাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রের সংযোগ রাস্তাটি সংস্কারের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সাইয়াদুর রহমান শাওন
শিক্ষার্থী, দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা
