নেত্রকোনা প্রতিনিধি ও মদন সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলায় বসত ঘর থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের নান্নু মীর (৪৮) ও তার স্ত্রী মেরাজ আক্তারের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম জানান, ঘরের দরজা বন্ধ পেয়ে স্থানীয়রা ডাকাডাকি করলে ঐ দম্পতির শিশু ছেলে দরজা খোলে। এ সময় নান্নু মীরের ঝুলন্ত ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ময়মনসিংহ থেকে সিআইডির তদন্ত দল আসার পর লাশ দুইটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
