পোলট্রি শিল্পের উন্নতিতে বোর্ড গঠনের দাবি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

পোলট্রি শিল্পের উন্নতিতে ‘পোলট্রি বোর্ড’ গঠনের দাবি জানিয়ে বক্তারা বলেছেন, অনেকটা নীরবেই এ শিল্পের বিপ্লব ঘটেছে। কুচক্রি মহল অপপ্রচার চালিয়ে এই শিল্পের ক্ষতি করার চেষ্টা করছে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। গত সোমবার জাতীয় প্রেসক্লাবের ‘তফাজ্জল হোসেন মানিক মিয়া’ হলে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) উদ্যোগে ‘পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’  প্রদান অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক। আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, একুশে টেলিভিশনের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, যমুনা টেলিভিশনের বিজেনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (ফিআব) সভাপতি এহতেশাম বি. শাহজাহান, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি শামসুল আরেফিন খালেদ প্রমুখ।

এবার ৫টি ক্যাটাগরিতে ৯ জন এবং একটি ক্যাটাগড়ি বাড়িয়ে ১০ জন সাংবাদিককে ‘রাইজিং পোল্ট্রি রিপোর্টার্স’ পুরস্কার দেওয়া হয়।