আটক হওয়া ভুয়া ‘অতিরিক্ত সচিবের’ সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে আলোচিত সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি কার্যালয়ে যান গতকাল মঙ্গলবার। এদিন বিকাল ৩টা ২৫ মিনিটে তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন। মেরুন রঙের প্রাইভেটকারে করে অতিরিক্ত কমিশনারের অফিসের সামনে গিয়ে নামেন আলোচিত এই ব্যবসায়ী। এ সময় তিনি মেরুন রঙের কোর্ট, কালো মাস্ক এবং কালো চমশা পরা ছিলেন।
স্কুলের গণ্ডি না পেরোনো অতিরিক্ত সচিব পরিচয় দেওয়া আব্দুল কাদেরকে গত বৃহস্পতিবার গ্রেফতার করে ডিবি পুলিশ। মুসার আইন উপদেষ্টা পরিচয় দিতেন কাদের । এজন্য তাকে (মুসা) ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ডিবি জানিয়েছে, নানামুখী প্রতারণার মাধ্যমে কাদের হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। চলাফেরা করতেন প্রাডো জিপ গাড়িতে। সঙ্গে রাখতেন বিদেশি পিস্তল, ওয়াকিটকি। রাজধানীর গুলশান, মিরপুর ও কাওরান বাজারে আছে বিলাসবহুল অফিস।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, কাদের ৯ তলা বাড়ি কিনেছেন গাজীপুরের বোর্ডবাজারে। গাজীপুরের পূবাইলে রয়েছে আট বিঘার বাগানবাড়ি। ডাচ্-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোনালী ব্যাংক ও সিটি ব্যাংকসহ আরো কয়েকটি ব্যাংকে রয়েছে তার একাধিক অ্যাকাউন্ট। অথচ কাদেরের নেই কোনো বৈধ উপার্জন। প্রতারণা তার একমাত্র পুঁজি বলে জানান ডিবিপ্রধান। কাদেরের বাবা মাছ ধরে ও মাঝির কাজ করে জীবিকা উপার্জন করতেন।
