জামিন পাননি হেলেনা জাহাঙ্গীর

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:২৯

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। জামিন আবেদনের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না ও মোমতাজ উদ্দিন ফকির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ শুনানি করেন।

৩০ জুলাই হেলেনার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে র্যাব-১। মামলায় ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে সরকারের মন্ত্রী ও সংস্থাকে কটূক্তি করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই মামলায় গত ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।