যুক্তরাষ্ট্র ও জার্মানির পর ইইউর সঙ্গে বৈঠকে বসছে তালেবান

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০০:৩১

বিশ্বের দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক চায় তালেবান। তারা এখন একের পর এক দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে। আফগানিস্তানের অন্তর্বতী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, মঙ্গলবার তিনি দোহায় ইইউ’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুত্তাকি জানিয়েছেন, তারা বিশ্বের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান। ইতিমধ্যে কিছু বৈঠক হয়েছে। ইইউ’র মুখপাত্র নবিলা মাসরালি বলেছেন, আলোচনার মানে এই নয় যে, ইইউ আফগানিস্তানকে কূটনৈতিক স্বীকৃতি দিচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও জার্মান প্রতিনিধিদের সঙ্গে তালেবানের বৈঠক হয়। এদিকে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, আফগানিস্তানের জন্য ১১৫ কোটি ডলার ত্রাণ সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সহায়তার পুরোটাই যাবে মানবিক খাতে, উন্নয়মূলক কাজের জন্য কোনো অর্থ ছাড়া হবে না। স্বীকৃত সরকার না হওয়ায় তালেবান প্রশাসনের হাতে যাবে না এক পয়সাও। এছাড়া বরাদ্দের প্রায় অর্ধেকটাই যাবে তালেবানের ভয়ে পালানো আফগানদের আশ্রয় দেওয়া বিভিন্ন দেশের কাছে। -আল-জাজিরা ও ডয়চেভেলে