করোনা ভাইরাস

মৃত্যু বেড়েছে কমেছে শনাক্ত

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০০:৩২

দেশে গত এক দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। সংক্রমণ ধরা পড়েছে ৫৪৩ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭১৩ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস। সোমবার সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছিল আর ৫৯৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৭০১ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫৬ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৬৮ শতাংশের বেশি। আর যে ১৪ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ছয় জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক ৩৫ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ৫৮ শতাংশ ছিল।