বিনোদন রিপোর্ট
মুক্তির অপেক্ষায় রয়েছে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’। এছাড়া সম্প্রতি যুক্ত হয়েছেন কলকাতার রাজর্ষি দে’র ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র ছবিগুলোতে। তবে এরইমাঝে নতুন আরো একটি ঢাকাই ছবির শুটিং শুরু করলেন তিনি। ‘জলে জ্বলে তারা’ শিরোনামের এই ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এসএফ নাঈম। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করছেন অরুণ চৌধুরী। এরইমধ্যে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি আজ (গতকাল) ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামীকাল (আজ) থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেব।’ এছাড়া ছবিটির গল্প ও নিজের চরিত্র প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘নদী ও নারীকে কেন্দ্র করে ছবিটির গল্প তৈরি করা হয়েছে। মূল নারী চরিত্রে আমার দেখা মিলবে। এবারই প্রথম পোড় খাওয়া একজন নারী চরিত্রে অভিনয় করছি।’ ছবিটিতে আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ।
