সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২১

রংপুরে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা 

স্টাফ রিপোর্টার, রংপুর আগামী ২৩ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত খুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উপলক্ষ্যে বুধবার অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন মিঞা, সচিব মোহাম্মদ রাশেদুল হক, রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। এতে বক্তব্য রাখেন বিজিবির প্রতিনিধি নজরুল ইসলাম, প্যানেল মেয়র সামসুল হক প্রমুখ।

সোনাতলায় সার্প শান্তি নিবাস উদ্বোধন

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলার সমজাতাইড় গ্রামে সম্প্রতি এতিম ও বয়স্কদের নিরাপদ আবাস সার্প শান্তি নিবাস উদ্বোধন করা হয়েছে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান-এর উদ্বোধন করেন। আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সার্প ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. মাহমুদুল হাসান রতনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন প্রমুখ।

পূজামণ্ডপে শাড়ি-লুঙ্গি বিতরণ

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের ১৯টি পূজামণ্ডপে মঙ্গলবার শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চাটখিলের জনতা বাজার পূজামণ্ডপ থেকে এ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু প্রমুখ। 

বিরামপুরে ইঁদুর নিধন অভিযান শুরু

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। উপজেলা কনফারেন্স সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক কৃষি উপপরিচালক শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল প্রমুখ।

ভূমিকম্প বিষয়ক আলোচনা

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে বুধবার ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মোকাই আলী।

নান্দাইলে কৃষক প্রশিক্ষণ

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বুধবার নন গ্রুপের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের জেলা প্রশিক্ষণ অফিসার ড. নাসরিন আক্তার বানু।