শেয়ারবাজার

ধসের মধ্যেও ভালো করল বিমা খাত

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২১

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক প্রকার ধস হয়েছে। গতকাল সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, দিনের লেনদেন শেষে ডিএসইতে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। অপর দিকে দাম কমেছে ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও ভিন্ন চিত্র ছিল বিমা খাতে। এ খাতের  বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে বিমা খাতের ৩৪টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫টির।

বেশির ভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ায় সূচকের পতনের মাত্রা কিছুটা হলেও কম হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট কমে ৭ হাজার ৩১৩ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ্ ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ২৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ১৫০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১৩০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৮৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ, ফরচুন সুজ, সাইফ পাওয়ার টেক, বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং জিপিএইচ ইস্পাত।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১২৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।