গৃহশ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর কলাবাগানের গ্রীন রোডে একটি বাড়ি থেকে সাদিয়া নামের (১৭) এক গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচার করে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে তারা।  

নেটওয়ার্কের সদস্যসচিব নাজমা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, প্রকাশিত সংবাদে জানা যায়, ঐ বাসায় গত তিন বছর ধরে গৃহশ্রমিকের কাজ করতেন সাদিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা গৃহপরিচারিকার কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। সাদিয়ার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।