ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় অসাধু চক্র

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৮

করোনার তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আটকে থাকা ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি ইউনিটের পরীক্ষা শেষ করেছে। এরপর শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থী এসেছেন ভর্তিযুদ্ধে অংশ নিতে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র ফায়দা লুটছে। অটোর ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কাগজ ফটোকপি ইত্যাদির দাম মাত্রাতিরিক্ত বাড়িয়ে দিয়েছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে মানসিক নির্যাতন এমনকি মারার হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায়, রাজশাহীতে সাময়িক সময়ের জন্য অবস্থান করা মানুষজন চরম বিপাকে পড়েছে। রাজশাহী মহানগর থেকে আশেপাশের এলাকায় অটোর ভাড়া সমিতি কর্তৃক নির্ধারিত হলেও অনেকেই তা মানছে না। জোরজবরদস্তি করে যে যেভাবে পারছে ভাড়া আদায় করছে। নিরাপত্তা নিশ্চিত, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মহানগর প্রশাসনসহ আরো আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এই যে কিছু অসাধু চক্র কায়দা করে সাধারণ মানুষের পকেট কাটছে এটা বন্ধে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। তাই সব ইউনিটের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের যেন ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য মাননীয় নগর পিতার দৃষ্টি আকর্ষণ করছি।

শাকিবুল হাসান

শিক্ষার্থী, বরেন্দ্র কলেজ, রাজশাহী