স্পোর্টস ডেস্ক
বাইসাইকেল কিকটা ঠেকিয়ে হতাশ করেছিলেন বটে। কিন্তু তারপরও হ্যাটট্রিক ‘কিং’কে হ্যাটট্রিক থেকে বঞ্চিত রাখতে পারেননি লুক্সেমবার্গ গোলরক্ষক অ্যান্থনি মরিস । প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলের দশটি হ্যাটট্রিক করার কীর্তি ছুঁলেন ক্রিশ্চিয়ানো রোনালদো । সবধরনের ফুটবল এটি তার ৫৮তম হ্যাটট্রিক। যার সুবাদে লুক্সেমবার্গের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় পর্তুগাল। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ১৬ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে দুই নম্বরে আছে ফার্নান্দো সান্তোসের দল, ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সার্বিয়া।
আন্তর্জাতিক আলগার্ভে স্টেডিয়ামে ১৭ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৮ মিনিটে পেনাল্টি থেকে শুরুটা করেন রোনালদো। ৫ মিনিট পর ফের পেনাল্টি, ফের রোনালদোর উল্লাস। লুক্সেমবার্গ কিছু বুঝে ওঠার আগেই আবারও পিছিয়ে যায় ব্রুনো ফার্নান্দেজের গোলে। বিরতির আগে বেশ কয়েক বার আক্রমণের শিকার হলেও বলে জালে প্রবেশ করতে দেয়নি সফরকারীরা।
তবে ৬৯ মিনিটে সেই নীরবতা ভাঙেন জাও পালিনিয়া। আর ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে দারুণ এক হেডে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। তাতে মোট গোলসংখ্যা ১১৫-তে নিয়ে যান আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।
পর্তুগালের মতো রাতটা অবশ্য একইরকম ছিল না ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডের জন্য। নিজেদের মাটিতে হাঙ্গেরির বিপক্ষে ১-১ গোলে ড্র করে হার বাঁচায় গ্যারেথ সাউথগেটের। অন্যদিকে জোয়াকিম মাহলের একমাত্র গোল অস্ট্রিয়াকে হারিয়ে জার্মানির পর ইউরোপ থেকে কাতারের টিকিট কেটে ফেলেছে ডেনমার্কও। সেটাও আবার ইতিহাস গড়ে। বাছাইপর্বে ৮ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ডের পাশাপাশি কোনো গোল খায়নি তারা। বিশ্বকাপে খেলা নিশ্চিত করার পথে এমন নজির দেখাতে পারেনি আর কোনো দল।
একনজরে
সার্বিয়া ৩-১ আজারবাইজান
সুইডেন ২-০ গ্রিস
ইংল্যান্ড ১-১ হাঙ্গেরি
ডেনমার্ক ১-০ অস্ট্রিয়া
পর্তুগাল ৫-০ লুক্সেমবার্গ
লিথুয়ানিয়া ০-৪ সুইজারল্যান্ড
