স্পোর্টস রিপোর্টার
লেগ স্পিনাররা বরাবরই বাংলাদেশ দলে ব্রাত্য। ঘরোয়া থেকে আন্তর্জাতিক ক্রিকেট সর্বত্রই অযত্নে লালিত লেগ স্পিনাররা। বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে ওমানে গিয়েছিলেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। ওমানে চার দিনের ক্যাম্পেই লেগ স্পিনার বিপ্লবের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। রুবেলকে দলের সঙ্গে রেখে এ তরুণকে দেশে ফিরতে বলা হয়েছে।
গতকাল সকালে দেশে ফিরেছেন বিপ্লব। এখন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মনোযোগী হবেন তিনি। যদিও সেখানে একাদশে ঠাঁই মিলবে কি না বলা কঠিন।
স্ট্যান্ডবাই হিসেবে অনেক খেলোয়াড় রাখা সম্ভব নয় বলেই বিপ্লবকে দেশে ফেরত আনা হয়েছে। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘স্ট্যান্ডবাই এত খেলোয়াড়কে রাখা সম্ভব নয় আসলে। আর দুইটা পেস বোলারকে নিয়ে একটু চিন্তার কারণ আছে, সে জন্য রুবেলকে সেখানে রাখা।’
যদিও বিশ্বকাপে অংশগ্রহণ করা প্রতিটি দলেই অন্তত দুই থেকে তিন জন অতিরিক্ত ক্রিকেটার রয়েছেন। নিজেদের খরচেই তাদের দলের সঙ্গে রেখেছে দেশগুলো। সেখানে ব্যতিক্রম শুধু বাংলাদেশ।
