প্রস্তুতি ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
প্রস্তুতি ম্যাচকে নিছকই অনুশীলনের মঞ্চ হিসেবেই দেখা হয়। ম্যাচের আবহে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ। সেই অর্থে শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অভিজ্ঞতা খুব সুখকর হয়নি।
ওমান থেকে আবুধাবিতে এসে ব্যাটসম্যানরা বড় স্কোর পাননি। বোলাররা লঙ্কানদের টেনে ধরেছিলেন বটে। কিন্তু শেষ পর্যন্ত চাপের বাঁধন টপকে গেছে শ্রীলঙ্কা। গত মঙ্গলবার রাতে আভিস্কা ফার্নান্দো, চামিকা করুনারত্নের ব্যাটে চড়ে ৪ উইকেটে জিতেছে লঙ্কানরা।
প্রস্তুতি ম্যাচের এমন হারে অবশ্য চিন্তিত নন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। আবুধাবিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। এরপরই ওমানে ১৭ অক্টোবর বিশ্বকাপের মূল লড়াইয়ে শামিল হবে মাহমুদউল্লাহ বাহিনী।
হারলেও ম্যাচটাকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছেন প্রধান নির্বাচক। গতকাল সাংবাদিকদের তিনি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করা দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছু মিলে, সবাইকে মূল্যায়ন করা হয় আর কি। সবাই এখানে প্রস্তুত হচ্ছে। সেই হিসেবে সবাই ভালো একটা সুযোগ পেয়েছে। নিজেদেরকে প্রস্তুত করার মতো দারুণ একটা সুযোগ পাওয়া গেছে।’ আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১৪৭ রান তুলেছিল। সৌম্য সরকার ৩৪, মেহেদী হাসান অপরাজিত ১৬, লিটন ১৬, সোহান ১৫ রান করেন। শ্রীলঙ্কার চামিরা ৩টি উইকেট পান। জবাবে ৮০ রানে ৬ উইকেট হারালেও আভিস্কা ফার্নান্দোর ৪২ বলে অপরাজিত ৬২, চামিকার অপরাজিত ২৯ রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ১ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে ১৪৮ রান তোলে তারা। বোলিংয়েও ২ উইকেট নেন সৌম্য।
নান্নুর বিশ্বাস, বিশ্বকাপের আগেই পুরো দল ছন্দে ফিরবে। তিনি বলেন, ‘আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী বিশ্বকাপের আগেই দল ভালো একটা অবস্থার মধ্যে আসবে।’
ওপেনিংয়ে লিটন-নাঈম বড় স্কোর গড়তে পারেননি। প্রধান নির্বাচকের মতে, উইকেটে মানিয়ে নিতে সময় লেগেছে ব্যাটসম্যানদের। তিনি বলেছেন, ‘ওরা দেশে খেলে গেছে, এখানের উইকেট একটু স্লো ছিল। সেখানে দ্রুত মানিয়ে নেওয়া তাই কষ্টকর হচ্ছে। আরব আমিরাত এবং ওমানের উইকেটগুলো যেভাবে দেখছি, আমাদের ওপেনাররা সময় নিয়ে গুছিয়ে উঠতে পারবে এবং টিম হিসেবে খেলতে পারবে। আর শুধু ওপেনারদের নিয়ে ভাবলেই তো হবে না, এ ফরম্যাটে সবাইকেই ভালো খেলতে হবে।’
