স্পোর্টস ডেস্ক
হার্দিক পান্ডিয়ার বোলিং নিয়ে অনিশ্চয়তার মধ্যে ভারত। পিঠের ইনজুরি থেকে সেরে উঠার পর এখনো বোলিং ফিটনেস ফিরে পাননি এই অলরাউন্ডার। সেই অনিশ্চয়তা কাটাতে গিয়ে কপাল পুড়ল আকসার প্যাটেলের। বাঁহাতি এই স্পিনারের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে পেসার শার্দুল ঠাকুরকে অন্তর্ভুক্ত করে ভারত। বাদ পড়লেও স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকছেন আকসার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২২ ম্যাচ খেলা শার্দুল ধীরে ধীরে নিজেকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলছেন। টেস্টে তিনটি অর্ধশতকও আছে তার। তাছাড়া চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। ১৫ ম্যাচ খেলে নিয়েছেন ১৮ উইকেট। তার মধ্যে ১৩টি উইকেট নিয়েছেন আইপিএলের দ্বিতীয় পর্বেই (আট ম্যাচে)। এদিকে মূল স্কোয়াড ও স্ট্যান্ডবাই খেলোয়াড়দের বাইরেও আট বোলারকে নেট বোলার হিসেবে বিশ্বকাপ ক্যাম্পে রেখেছে ভারত। আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।
