ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনের নির্দেশে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সিবিএ সভাপতির অবৈধ দখলে থাকা আরো একটি পাজেরো জিপ উদ্ধার করা হয়েছে। দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে গতকাল মঙ্গলবার সকালে পিডিবি কর্তৃপক্ষ সিবিএ’র সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে সরকারি গাড়িটি উদ্ধার করে দুদকের কাছে হস্তান্তর করেছে। এর আগে গতকাল সোমবার রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে সিবিএর সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার ব্যবহার করা সরকারি গাড়ি উদ্ধার করে দুদক।
দুদক সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১২ টার দিকে পিডিবি কর্তৃপক্ষ সাদা রং-এর ওই পাজেরো জিপ (সিলেট-ঘ-০২-০০৩৩) দুদক প্রধান কার্যালয়ের সামনে হাজির করে। সিবিএ সভাপতি ও সাবেক সহকারী হিসাবরক্ষক জহিরুল ইসলাম চৌধুরী ২০০৯ সাল থেকে গাড়িটি ব্যবহার করছেন। গাড়ি ব্যবহারের কারণে দৈনিক ১৫ লিটার জ্বালানি তেল হিসেবে মাসিক ২৯ হাজার ২৫০ টাকা গাড়িটির পেছনে খরচ হয়েছিল। অর্থাত্ গত ১০ বছরে জ্বালানি বাবদ গাড়িটিতে খরচ হয়েছে ৩৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়া গাড়ি চালকের বেতন ও ওভারটাইম বাবদ প্রায় ৪০ লাখ টাকা এবং মেরামত ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে গত ১০ বছরে সর্বমোট প্রায় এক কোটি টাকা গাড়িটির জন্য ব্যয় করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুদকের হস্তক্ষেপে পিডিবি’র দু’টি মূল্যবান গাড়ি সিবিএ’র অবৈধ দখল থেকে উদ্ধার করা হলো। দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, গতকাল সিবিএর সাধারণ সম্পাদকের কাছ থেকে সরকারি গাড়ি উদ্ধার করার পর সভাপতির কাছ থেকে গাড়ি উদ্ধারের জন্য পিডিবি কর্তৃপক্ষকে নির্দেশ দেয় দুদক। তিনি আরো বলেন, এ ঘটনা অবশ্যই সরকারের আর্থিক ক্ষতিসাধন, যা দুদক আইনে অপরাধ। শিঘ্রই দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে আইনানুগ ব্যবস্থা নেবে।
