মহাষ্টমীতে জনজোয়ার

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২২:৩৭

উমার ফেরার দিন এলো ঘনিয়ে। তিন দিন আগেই ‘অকাল বোধনে’ কৈলাশ থেকে তার অধিষ্ঠান হয়েছিল ঠাকুর ঘরে। শরতের পঞ্চমী থেকে দশমী তিথির পাঁচটি দিন পিতৃগৃহ ঘুরে যাওয়া । মণ্ডপে মণ্ডপে ঢাকের বোলে তাই যেন ধ্বনিত হচ্ছে বাঙালি হিন্দুর হূদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। আবার বিষাদের সুরও। আজ মহানবমী। বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমীর আরাধনা। কাল বিদায়। বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোত্সবের আনুষ্ঠানিকতা। দেশের ৩২ হাজার পূজামণ্ডপ এখন গম গম করছে উত্সবের রোশনাইয়ে। ঠাকুর দেখার আনন্দ। মণ্ডপে মণ্ডপে চার পাশ মাতোয়ারা করা লাউড স্পিকারে গান, ক্ষণে ক্ষণে উলু-ধ্বনি, মন্ত্রপাঠ, কাসর-ঘণ্টার বাদ্য-বাজনায় মুখর দৃশ্যপট। কেউ ব্যস্ত পূজা-অর্চনায়, কেউ প্রসাদের জন্য হাত পেতে আছেন। কেউবা পূজামণ্ডপের সাজ-সজ্জা দেখছেন। কেউ আড্ডা দিচ্ছেন। ঘুরছেন এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে। রাতে আলোকমালায় একাকার হয়ে উঠছে গোটা পরিবেশ।

গতকাল ছিল মহাষ্টমী বিহীত পূজা। মণ্ডপে মণ্ডপে মাইকে চলেছে স্তোত্রপাঠ, সাডম্বরে হয়েছে দেবী বন্দনা। রাতে হয় সন্ধিপূজা। মধ্যাহ্নে ছিল প্রসাদ বিতরণ। রাতে সন্ধিপূজার আগে সন্ধ্যায় হয় আরতি প্রতিযোগিতা। গত বছরের মতো এবারও ঢাকার রামকৃষ্ণ মঠ মিশনে অনুষ্ঠিত হয়নি ঐতিহ্যবাহী কুমারী পূজা। তবে যশোরসহ দেশের আরো কয়েকটি স্থানে হয়েছে কুমারী পূজা। সনাতন সংস্কৃতিতে- কুমারী পূজা ছাড়া দুর্গাপূজায় পরিপূর্ণ ফল লাভ হয় না। কুমারী পূজায় দেবীর মঞ্চে অধিষ্ঠানের আগে মন্ত্রোচ্চারণ ও ফুল বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেওয়া হয় সবার হাতে। এরপর শত শত হিন্দু নারীর উলুধ্বনি আর বিনম্র ভক্তির মধ্য দিয়ে কুমারী পূজা হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ঢাকায় কুমারী পূজায় ১০-১২ হাজার মানুষের সমাগম ঘটে। স্বাস্থ্যবিধি মানা খুব কঠিন; করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ঢাকায় কোথাও কুমারী পূজা হয়নি। তবে ঢাকার বাইরে হয়েছে। যশোর রামকৃষ্ণ মঠে কুমারী পূজার আয়োজন হয়। ১৮৯৬ সালে ঢাকায় রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠার পর থেকেই দেশে নিয়মিত কুমারী পূজার আয়োজন হয়ে আসছে।

আজ চন্দ্রের নবমী তিথিতে সারা দেশে অনুষ্ঠিত হবে মহানবমী পূজা। বিশুদ্ধ দৃকসিদ্ধ পঞ্জিকা মতে আজ তিথির প্রথম ভাগে নবমী। আজ পূর্বাহ্ন ৯-৫৭ মধ্যে কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। আগামীকাল বিজয়া দশমীতে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন। এবার সারা দেশে ৩২ হাজার ১১৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে; তার মধ্যে ঢাকা পূজা হচ্ছে ২৩৮টি মণ্ডপে।