বিচারাধীন শিশুর ছবি পরিচয় প্রকাশ করা যাবে না

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

ইত্তেফাক রিপোর্ট

আদালতে বিচারাধীন মামলায় সম্পৃক্ত কোনো শিশুর ছবি বা পরিচয় প্রকাশ করা যাবে না। এ ব্যাপারে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াকে সতর্ক করে দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, শিশু আইনের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো মামলার বিচারের ক্ষেত্রে তাদের গোপনীয়তা রক্ষা করা। যা বিচারপূর্ব, বিচার চলা ও বিচার পরবর্তী সময়কে বোঝায়। যাতে শিশুর মর্যাদা বজায় থাকে এবং ভবিষ্যতে  তারা সংশোধন ও পুনর্বাসনের সুযোগ পায়। এ সংক্রান্ত এক মামলায় বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন।

গত বছরের ৫ নভেম্বর ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকায় একটি অপরাধ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে শিশুটির পরিচয় প্রকাশ করা হয়। এতে শিশু আইনের ২৮ ধারার লঙ্ঘন হয়েছে উল্লেখ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। রিটে শিশু আদালতে বিচারাধীন যে কোনো মামলায় সম্পৃক্ত শিশুর পরিচিতি মিডিয়ায় তুলে ধরা বন্ধের নির্দেশনা চাওয়া হয়।  প্রসঙ্গত আইনের ২৮ ধারায় বলা হয়েছে, ১. শিশু-আদালতে বিচারাধীন কোনো মামলায় জড়িত বা সাক্ষ্য প্রদানকারী কোনো শিশুর ছবি বা এমন কোনো বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম অথবা ইন্টারনেটে প্রকাশ বা প্রচার করা যাবে না যা সংশ্লিষ্ট শিশুকে শনাক্ত করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে। ২. উপ-ধারা ১ এ যাই থাকুক না কেন, শিশুর ছবি, বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রকাশ করা শিশুর স্বার্থের জন্য ক্ষতিকর হবে না মর্মে আদালতের কাছে প্রতীয়মান হলে ওই আদালত সংশ্লিষ্ট শিশুর ছবি, বর্ণনা, সংবাদ বা রিপোর্ট প্রকাশের অনুমতি দিতে পারবে। এই আইনের বিধান লঙ্ঘন করলে দুই বছরের জেল-জরিমানার বিধান রাখা হয়েছে আইনে।