ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না :জি এম কাদের

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০০:৩৯

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কোনো অপশক্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। সম্প্রীতি বিনষ্টের সব ষড়যন্ত্র আমরা নস্যাত্ করে দেব। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সর্বজনীন দুর্গা উত্সবে এদেশের মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ও উত্সবমুখর পরিবেশে অংশ নেয়। আশা করছি, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গতকাল বুধবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী, রমনা কালীমন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা; প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা সুজন দে এ সময় উপস্থিত ছিলেন।

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন শেরীফা কাদের

জাতীয় সংসদের শূন্য হওয়া একটি সংরক্ষিত নারী আসনে জাপার মনোনয়ন পেয়েছেন দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা, লালমনিরহাট জেলা জাপার সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের। কণ্ঠশিল্পী শেরীফা কাদের জাপা চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী। আগামী ১৭ অক্টোবর তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করবেন। উল্লেখ্য, জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদে সংরক্ষিত আসনে দলটির সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে আসনটি (মহিলা আসন-৪৫) খালি হয়।