বগুড়া ও গোপালগঞ্জ জেলায় দুই শিক্ষককে লাঞ্ছিত করায় তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবি করেছেন শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে সারা দেশে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধান শিক্ষক পরিষদের মানববন্ধনে এমন দাবি করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বগুড়া ও গোপালগঞ্জের দুই প্রধান শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তারা লাঞ্ছিত হয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির মাধ্যমে। এমন ঘটনা আমরা মেনে নেব না। শিক্ষককে লাঞ্ছিত করে দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যাবে না।
মানববন্ধনে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, স্কুল-কলেজের ম্যানেজিং ও গভর্নিং বডির সভাপতির কাছে প্রতিষ্ঠানের প্রধানদের জিম্মি করে রাখা হচ্ছে। সভাপতিদের কোনো কাজ না থাকায় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
