গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ঐ নারী (২২) মারা যান এবং তার শিশুকন্যা (৩) গুরুতর আহত হয়।
গতকাল বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ সরকার। তিনি জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল (গ্রাম শ্রীপুর) এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ ঐ নারী কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন এবং তার
মেয়ের হাত থেঁতলে যায়। শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. মাহমুদা জানান, আহত শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। উন্নত চিকিত্সার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে রেফার করা হয়েছে।
