ভারতে ১০০ লাখ কোটি রুপির ন্যাশনাল মাস্টার প্ল্যান বা প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্পের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লজিস্টিক খরচ কমিয়ে অবকাঠামো ও বহুমুখী সংযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনীতিকে মজবুত করতে গতকাল বুধবার এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গতি শক্তি নামের এই প্রকল্পের ফলে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থার মধ্যে যে সমন্বয়ের অভাব আছে, তা দূর হবে। একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে বিভিন্ন দপ্তর বা বিভাগ যে কোনো কাজের দিকে নজর রাখতে পারবে। সেইমতো পরিকল্পনা করতে পারবেন। নরেন্দ্র মোদি বলেন, আগে রেলের কোনো কাজ করা হলে, তা জানত না সড়ক বিভাগ। আবার রাস্তা তৈরির পর পানির লাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ি করা হতো। এবার সেসব সমস্যা দূর হবে।
মোদি আরো বলেন, দশকের পর দশক ধরে উন্নয়নের নামে সরকার জনগণের টাকা নষ্ট করতেন। কোনো বিভাগের মধ্যে কাজের কোনো সমন্বয় ছিল না। বর্তমান সরকার সেই ধারা বদলে দিয়েছে।
