দেশের মাটিতে ২০১০ সালের পর কখনোই ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের কাছে হারেনি বাংলাদেশ। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডও কখনো বাংলাদেশের কাছে ওয়ানডে ম্যাচ হারেনি। ঘরের মাঠে এই ফরম্যাটে বাংলাদেশের বিরুদ্ধে ব্ল্যাক ক্যাপসদের জয়ের রেকর্ডটা ১০-০। আবার দুই দলের শেষ দুটি সাক্ষাতে জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১৭ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্ডিফে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।
নেপিয়ারে আজ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের লক্ষ্য নিউজিল্যান্ডের মাটিতে জয়ের খাতা খোলা। পৃথিবীর অন্যতম সুন্দর দেশটিতে ‘প্রথম’ জয়ের খোঁজে আজ স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়। চ্যানেল নাইন ম্যাচটি সম্প্রচার করবে বাংলাদেশে।
ওয়ানডেতে দুদলের লড়াইটা এবার জমজমাট হওয়ার আশা করা হচ্ছে। ঘরের মাঠে শক্তিশালী হলেও সর্বশেষ সিরিজে ভারতের কাছে ৪-১ এ হেরেছিল নিউজিল্যান্ড। দেশের বাইরে শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। অতীতে কোনো ম্যাচ না জিতলেও মাশরাফি বাহিনী এ যাত্রা জয়ের আশা করছে।
গতকাল নেপিয়ারে সাংবাদিকদের বাংলাদেশের হেড কোচ স্টিভ রোডস বলেছেন, ‘এটা সত্যিই কঠিন কাজ। অধিনায়ক মাশরাফি সংবাদমাধ্যমে যেমনটি বলেছেন, আমার মনে হয় সে সঠিক বলেছে। এমন নয় যে আমরা জিততে পারব না। আমি মনে করি সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে আমরা দারুণ খেলেছি, ওয়েস্ট ইন্ডিজকে কয়েকবার হারিয়েছি আমরা। যদিও নিউজিল্যান্ডে এসে জেতাটা অনেক কঠিন।’
চোটের কারণে সাকিব আল হাসানকে হারানো বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তবে দল হিসেবে পারফর্ম করে সেই ঘাটতি কাটিয়ে উঠার আশা করছে টাইগাররা। কোচের মতে, আন্ডারডগ হিসেবে সিরিজ শুরু করবে বাংলাদেশ। আন্ডারডগ হয়েই নিউজিল্যান্ডকে চমকে দিতে চান বাংলাদেশের কোচ। তিনি বলেছেন, ‘আন্ডারডগ হিসেবে আমরা অনেককেই চমকে দিতে পারি। আমার ধারণা, নিউজিল্যান্ডও জানে, আমাদের হারাতে হলে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’
নেপিয়ারে এর আগে দুটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। ২০০৭ ও ২০১০ সালের সফরে দুটি ম্যাচই হেরেছিল টাইগাররা। তারপরও নিউজিল্যান্ডের মাটিতে পরাজয়ের বৃত্ত ভাঙতেই আজ মাঠে নামবে মাশরাফি বাহিনী।
