ঔষধি

মেথি

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:১৯

মেথি বীজের দানা রান্নায় রকমারি রেসিপিতে ব্যবহার করা হয়। এটি এক-দুই ফুট উচ্চতার বীরুত্ জাতীয় উদ্ভিদ। বর্ষজীবী। ভারতীয় উপমহাদেশের হিমালয় ভূখণ্ডীয় অঞ্চল আদি নিবাস হলেও মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে জন্মে।

মেথি উদ্ভিদের পাতা ত্রিপত্রক, ফুল সাদা রঙের, ফল পড বা লেগুম জাতীয় লম্বা, সরু। প্রতি পডে ১০-২০টি সোনালি-হলুদ রঙের বীজদানা থাকে। বীজ বহুমুখী পাথর কণার মতো। কাঁচা অবস্থায় বীজের স্বাদ তিক্ত। রোদে শুকালে স্বাদু হয়।

মেথিতে থায়ামিন, ভিটামিন বি-৬, ফলিক অ্যাসিড, রিবোফ্ল্যাভিন, নিয়াসিন, ভিটামিন ‘এ’ ও ‘সি’ প্রভৃতি উপাদান থাকে, যা স্বাস্থ্যপ্রদ। মেথি কপার এবং আয়রনেরও চমত্কার উত্স। এছাড়াও পর্যাপ্ত পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিনিয়াম, জিংক, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি উপাদান রয়েছে, যা দেহকে সুরক্ষা দেয়। কোলিন, ট্রাইগোনেলিন, ডায়োসজেনিন প্রভৃতি ফাইটোক্যামিক্যাল থাকে, যেগুলোর কার্যকর ঔষধিগুণ রয়েছে। গবেষণা তথ্য অনুযায়ী ডায়োসজেনিন ক্যান্সার প্রতিরোধক।

মেথিতে কোলেস্টরলের মাত্রা শূন্য। মেথি ক্ষতিকর এলডিএল কোলেস্টরল কমায়। মেথির পেকটিন, হেমিসেল্যুলোজ কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। মেথির দ্রবণীয় আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। মেথিতে ৪ হাইড্রোক্সি-আইসোলিউসিন থাকে, যা ইনসুলিন নিঃসরণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

কাচের বোতলে টাটকা, শুকানো মেথি বেশ কয়েক মাস সংরক্ষণ করা যায়।

কায়েদ-উয-জামান