ছাই দিয়ে মাছ ধরা এবং
শাক দিয়ে মাছ ঢাকা
দু কথাতেই গন্ধ মাছের
ধন্দ নিয়ে থাকা।
রাঘববোয়াল ধরতে গেলে
লাফায় চুনোপুঁটি
এইখানেতেও গন্ধ মাছের
হেসেই কুটিকুটি।
কত্তো কাঁটা ইলিশ মাছের
বোয়াল নাচায় দাড়ি
মাছের রকমফের দেখে কেউ
গোটায় না পাত্তারি।
কাঁটাঅলা কৈ বলো, সেই
কৈয়ের এমন প্রাণ
চায় কি যেতে? তাই কি সবাই
শুঁকছি মাছের ঘ্রাণ!
মাছের গন্ধে ঘুম আসে না
চারদিকে মাছ মাছ
মাছ-স্বভাবের মানুষ কারা
করতে পারি আঁচ!
