গোপালগঞ্জ জেলার সব অর্থাত্ ৫টি উপজেলার ভোটগ্রহণ আগামী ১৮ মার্চের পরিবর্তে ২৪ মার্চ অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৭ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে গোপালগঞ্জর গোপালগঞ্জ সদর, টুঙ্গীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার নির্বাচন ১৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান গোপালগঞ্জ জেলার উপজেলাগুলোর নির্বাচন স্থগিত করা সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে- ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার পাঁচ?টি উপজেলার নির্বাচনের বর্তমান তফসিল স্থগিত করে তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের এই নির্দেশনার ফলে ১৮ মার্চ ১২৪ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। আর তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হলেও এখনো তফসিল দেয়নি নির্বাচন কমিশন। এ ধাপের সঙ্গে যুক্ত হবে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলা। উল্লেখ্য, এবার পাঁচ ধাপে দেশের সব উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৮৬ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ মার্চ।
