ডিএসইতে চার দিনে কমল ১২৪ পয়েন্ট

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২১:১১

কিছুটা লেনদেন খরা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামও। এতে টানা চার কর্মদিবস ধরে দরপতন হয়েছে ডিএসইতে। এতে এ চার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২৪ পয়েন্ট। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৪৩ পয়েন্টে।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের গতি কমেছে। একই সঙ্গে লেনদেন অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে সিএসইতে গতকাল সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৭ হাজার ২৪৩ পয়েন্টে নেমে গেছে। প্রধান মূল্যসূচক বাড়লেও কমেছে ডিএসইর অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭১৯ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২১৯টির। আর ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা।

লেনদেন কমার দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ৯৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৮২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ, ডেল্টা লাইফ ইনসিওরেন্স, পাওয়ার গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং জিনেক্স ইনফোসিস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৬৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ২২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৯টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।