সুস্থতার জন্য হাত ধোয়া জরুরি

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:০১

মহামারি করোনা বিশ্ববাসীকে অনেক কিছু শিখিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হাত ধোয়া। সঠিক নিয়মে হাত ধোয়ার চর্চা করলে শুধু করোনা ভাইরাস থেকে নয়; আমরা জ্বর, ডায়রিয়ার মতো রোগের বিস্তারও কমিয়ে আনতে পারি। সুস্থতার জন্য হাত ধোয়া খুবই জরুরি। বিবিধ কারণে হাত নোংরা হয়ে প্রতিদিন হাজারো জীবাণু দেহে সংক্রমিত হয়। শিশুদের হাতে ময়লা বেশি থাকে এবং নিজেরাই অজান্তে হাত মুখে দেয়। তাই শিশুরা ডায়রিয়া, আমাশয়, কৃমি, পানি ও খাবারবাহিত অন্যান্য রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। সঠিক নিয়মে সাবান পানি দিয়ে হাত ধুলে নিম্নলিখিত হারে বিভিন্ন রোগের সংক্রমণ কমিয়ে আনা সম্ভব।

কখন হাত ধোয়া উচিত : খাবার তৈরি করার আগে এবং পরে খাওয়ার আগে, অসুস্থ কারও সেবা করার আগে ও পরে, দেহের কাটাছেঁড়া বা ক্ষতের চিকিত্সা করার আগে ও পরে, পায়খানা-প্রশ্রাবের পরে, শিশুর ডায়াপার বদলানো বা পায়খানা পরিষ্কারের পর। নাক ঝাড়া, কফ ফেলা বা হাঁচি দেওয়ার পরে, কোনো পশুপাখি বা পশুপাখির খাবার বা পশুর বিষ্ঠা ধরার পরে,  আবর্জনা ধরার পরে।

হাত ধোয়ার নিয়ম : ১. পরিষ্কার পানিতে হাত কনুই পর্যন্ত ভিজিয়ে হাতে সাবান দিন। ২. সাবান দুই হাতে লাগিয়ে কয়েক সেকেন্ড সময় ধরে হাতে হাত ঘষে ফেনা তৈরি করুন। আঙুলের ফাঁকে, নখের মধ্যে ও কবজিতে ভালোভাবে পরিষ্কার করুন। ৩. পরিষ্কার চলমান পানিতে হাত ভালোভাবে ধুয়ে নিন। ৪. পরিষ্কার তোয়ালে দিয়ে হাত মুছুন অথবা বাতাসে শুকিয়ে নিন। ৫. পানি বা সাবান না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। তবে হাত খুব বেশি ময়লা হলে হ্যান্ড স্যানিটাইজার হাত থেকে সব জীবাণু এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ সরাতে পারে না। মনে রাখা দরকার সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস একটি ভালো ভ্যাকসিনের চেয়ে বেশি কাজ করে। (লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ)