কেরানীগঞ্জ থেকে অপহূত শিশু মাদারীপুরে উদ্ধার অপহরণকারী আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:০২

কেরানীগঞ্জে দুই বছরের শিশু মাহিমকে অপহরণের দায়ে হাওয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরবর্তী সময়ে হাওয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী অপহূত শিশুকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় মোয়াজ্জেম মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল হাকিম ও তার স্ত্রীর  দুই বছরের শিশু সন্তান মাহিনকে তার ছোট বোন সুমির কাছে রেখে কাজে যান। পার্শ্ববর্তী ভাড়াটিয়া হাওয়া বেগম সুমির কাছ থেকে মাহিমকে বেড়ানোর কথা বলে নিয়ে মুহূর্তেই উধাও হয়ে যায়। পরবর্তী সময়ে তাকে কোথাও খুঁজে না পেয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঐ মামলার সূত্রধরে পুলিশ  অপহরণকারী  হাওয়া বেগম ও অপহূত শিশুটিকে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বুধবার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায়              হাওয়া বেগমকে চুনকুটিয়ার একটি বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী ঐ দিন  রাতে মাদারীপুরের শিবচর থানাধীন চরবাচামারি হাজী মৈজুদ্দিন মাদবর কান্দি গ্রাম থেকে হাওয়া বেগমের বোন রেশমার বাড়ি থেকে মাহিমকে উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি হাওয়া বেগমকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।