টেকেরহাট ও মুকসুদপুর সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র বোঝাই বালুবাহী একটি পিকআপ জব্দ করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকেরহাট-গোহালা সড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্যগুদামের কাছ থেকে চালক ও বালুর মালিকসহ পিকআপটি জব্দ করা হয়। এটি মুকসুদপুর উপজেলার শান্তিপুর থেকে চরপ্রসন্নদী খাদ্যগুদাম হয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে যাচ্ছিল। এসময় বালু দিয়ে ডেকে রাখা আটটি ঢাল, ১৩০টি লোহার কালি, ১০০টি বল্লম, ১৮০টি বাঁশের কুড়া, ৩৭ বাঁশের লাঠি উদ্ধার করা হয়। আটক করা হয় পিকআপের চালক কামরুল শেখ ও বালু বিক্রেতা সাইদুর শেখকে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এলাকায় নির্বাচন ও দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই সংঘর্ষ চলে আসছিল। সামনে ইউপি নির্বাচন। এ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় ফের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব দেশীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
