সৈয়দপুরে আমন ধানে পচন রোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে আমন ধানের খেতে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের গোছায় এ রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে গাছ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। বাঙালিপুর ইউনিয়নের কৃষক আমিনুর রহমান বলেন, আমার প্রায় দেড় বিঘা ধানের খেতে গোড়া পচা রোগে গাছ শুকিয়ে গেছে। প্রথমে দুই-একটি ধানের গোড়ায় পচন দেখা দেয়। পরে একের পর এক জমির বাকি ধানগাছের গোড়ায়ও এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাসুদেব বলেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় ও সময়মতো আগাছা পরিষ্কার না করায় আমনখেতে এ রোগ দেখা দেয়। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ায় এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে কৃষি বিভাগের পরামর্শে ওষুধ প্রয়োগ করে এ রোগ থেকে খেত রক্ষা করছেন কৃষকেরা। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, আমন খেতে রোগের আক্রমণের বিষয়টি আমি জানি না। খোল পচা বা গোড়া পচা রোগের কারণে খেতের ফসলে এমন লক্ষণ দেখা দেয়। তবে আমন ধান কোন রোগে আক্রান্ত হয়েছে তা জেনে কৃষকদের ওষুধের পরামর্শ দেওয়া হয়। মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।