ফাইনাল খেলেই ওমান যাবেন সাকিব

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১৪

আবুধাবিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে গতকাল রাতেই ওমানে ফিরে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমদের সঙ্গে ওমানে ফেরেননি সাকিব আল হাসান। আবুধাবি থেকে গতকাল সন্ধ্যায় দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখনই ওমানে যাচ্ছেন না সাকিব।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল ফাইনাল খেলেই ওমানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত বুধবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সাকিবের দল। তাতেই ফাইনালের টিকিট পেয়েছে কেকেআর। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কেকেআর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

কেকেআরের হয়ে ফাইনাল খেলার পরই ওমানের বিমান ধরবেন সাকিব। আইপিএলে জৈব সুরক্ষাবলয়ে আছেন তিনি। ওমানে গিয়েও সুরক্ষাবলয়ের অংশ হবেন। তাই বাড়তি কোয়ারেন্টাইন নাও লাগতে পারে তার। আইসিসির এমন নির্দেশনা আগে থেকেই ছিল। ওমানে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে ম্যাচের আগের দিন মাহমুদউল্লাহদের সঙ্গে যোগ দেবেন সাকিব।

যদিও গত ৭ অক্টোবর পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র ছিল সাকিবের। পরে বিসিবি তার ছুটি বাড়িয়েছে। কারণ বিশ্বকাপের আগে ম্যাচ খেলার মাঝেই আছেন তিনি।

ফাইনালে বাঁহাতি এ অলরাউন্ডারকে পাচ্ছে কেকেআর। দলটির সহকারী কোচ ডেভিড হাসিও গত বুধবার রাতেই এমনটাই বলেছেন। তিনি বলেছেন, সাকিবসহ দলের সবাইকে পাচ্ছে কেকেআর। এখন সেরা একাদশ গড়ার চাপে থাকতে হবে হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামকে।