নাইকো মামলার শুনানি চলছে

ব্যক্তিগত চিকিত্সক এনে খালেদা জিয়াকে চিকিত্সা দেওয়ার আবেদন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪

কারাগারে ব্যক্তিগত চিকিত্সক এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিত্সা সেবা প্রদানের জন্য বিচারিক আদালতে আবেদন করা হয়েছে। ওই আবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে খালেদা জিয়ার চিকিত্সা করা হয়েছিল। চিকিত্সা অসমাপ্ত রেখে তাকে আবার কারাগারে আনা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তার সমস্যাগুলো দিন দিন বাড়ছে। ব্যক্তিগত চিকিত্সককে কারাগারে এনে তার চিকিত্সা করা প্রয়োজন। এ বিষয়ে উচ্চ আদালতের আদেশ রয়েছে। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ দাখিল করুন। সেটা দেখে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে এই আদালত বসে। গতকাল মঙ্গলবার এই আদালতে নাইকো মামলার অভিযোগ গঠনের উপর শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির আগে বেলা সাড়ে ১২টার দিকে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়। বেলা ২টা পর্যন্ত এ মামলার শুনানি চলে। শুনানিকালে খালেদা জিয়ার চিকিত্সা প্রদানের জন্য আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এর আগে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি এ মামলার আসামি। 

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। পরে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।