চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মমতাজ মিয়ার একমাত্র সন্তান অপহরণের শিকার প্রবাসী যুবলীগ নেতা আদিলুর রহমান সুজনের (৩৫) সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সুজনের মা বুলবুল আক্তার।
সংবাদ সম্মেলনে বুলবুল আক্তার বলেন, আমার স্বামী বোয়ালখালীর আহলা করলডেঙ্গা এলাকার বীর মুক্তিযোদ্ধা মমতাজ মিয়া। তার একমাত্র সন্তান আদিলুর রহমান সুজনকে চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মোড় থেকে পুলিশ পরিচয়দানকারীরা গত ৬ অক্টোবর সন্ধ্যার দিকে উঠিয়ে নিয়ে গেলেও ৯ দিনেও তার খোঁজ পাওয়া যায়নি।
তিনি বলেন, আমার ছেলে দীর্ঘ দিন ধরে আবুধাবিতে চাকরি করছিল। সে দেশে ও বিদেশে বাংলাদেশ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুই সন্তানের জনক আদিলুর রহমান সুজন বিগত ৪ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালন করার জন্য দেশে বেড়াতে আসে। আগামী ১৬ অক্টোবর তার বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল।
