উদ্বেগ তৃণমূল কংগ্রেসের নরেন্দ্র মোদিকে চিঠি শুভেন্দুর

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:১৫

বাংলাদেশে বিভিন্ন এলাকায় পূজামণ্ডপে দুষ্কৃতকারীদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আর এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। গতকাল বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের বাংলা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে হামলার ঘটনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। এ বিষয়ে কুনাল ঘোষ এক টুইটে বলেন, বাংলাদেশে দুর্গাপূজার ওপর আঘাত ও অশান্তির গুরুতর অভিযোগ আসছে। এটা উদ্বেগের। অভিযোগের তদন্ত হোক। ঘটনাগুলো সত্যি হলে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিক। ভারত সরকার অবিলম্বে কথা বলুন। আমরা ভারতে যেমন সংখ্যালঘুদের সুরক্ষার পক্ষে, তেমনই বাংলাদেশেও সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত চাই।

অন্যদিকে এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে বসবাসরত হিন্দুদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।