ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তার জ্বর কমেনি। দিল্লির এইমস হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবারের তুলনায় গতকাল বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এদিকে মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি লিখেছেন, আমি ড. মনমোহন সিংয়ের সুস্বাস্থ্য এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি। গতকাল মনমোহন সিংকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে কোভিডে আক্রান্ত হয়ে দিল্লির এইমসেই ভর্তি হয়েছিলেন ৮৯ বছর বয়সি মনমোহন সিং।
