জনবলসংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:৪৫

৫০ শয্যাবিশিষ্ট আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে সেবা ব্যাহত হচ্ছে। আনোয়ারাসহ চন্দনাইশ, বাঁশখালী, কর্ণফুলী, পশ্চিম পটিয়া থেকে আসা রোগীর চাপ থাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে এসব রোগীদের। এছাড়া বিশেষজ্ঞ চিকিত্সক না পেয়ে আশ-পাশের ক্লিনিকগুলোতে ছুটছেন তারা।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুরকৃত ১৬২ পদের মধ্যে ৭৬টি পদ খালি রয়েছে। কনসালটেন্ট সার্জারি, কনসালটেন্ট চক্ষু, কনসালটেন্ট অর্থোসার্জারি, অর্থোসার্জারি ইএনটিসহ বিভিন্ন বিভাগে জনবল না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চার বছর আগে আনা এক্সরে মেশিন পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ফিজিও মেডিক্যাল টেকনোলজিস্ট না থাকায় ফিজিও মেশিনগুলোও পড়ে আছে। চিকিত্সক এবং টেকনোলজিস্ট ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য বিভাগেও জনবলের ঘাটতি রয়েছে। এদিকে, বাবুর্চির দুই পদই শূন্য। অফিস সহায়ক পাঁচ জনের মধ্যে চার জনের পদ শূন্য এবং পরিচ্ছন্ন কর্মী, সিকিউরিটি গার্ড পদেও সংকট রয়েছে। 

জনবলসংকটে ব্যাহত  স্বাস্থ্যসেবা

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। যার কারণে স্বল্পসংখ্যক জনবল দিয়ে চিকিৎসা নিতে আসা সবাইকে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি রোগীদের সাধ্যমতো সেবা দিতে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, জনবল সংকটে সমস্যাটা সারা দেশেই পরিলক্ষিত হচ্ছে। কিছুদিন আগে স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নিয়োগ প্রক্রিয়া আবারও চালু করার পরিকল্পনা চলছে।

ইত্তেফাক/কেকে