যুক্তরাষ্ট্রে আরেকটি শাটডাউন এড়াতে সমঝোতা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৬

যুক্তরাষ্ট্রে নতুন করে শাটডাউন এড়াতে সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। সোমবার ঘোষিত নতুন এক প্রস্তাবে ডেমোক্র্যাটরা মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ১৪০ কোটি ডলার বরাদ্দ দিতে রাজি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত দেয়াল নির্মাণের জন্য ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন। এদিকে টেক্সাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশে বিবিসি সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। খবর রয়টার্সের

দুই দলের মধ্যে সমঝোতা

নতুন বিলটি শুক্রবারের মধ্যে কংগ্রেসে পাস হতে হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদন লাগবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন কিনা তা জানা যায়নি। কারণ তিনি যেকোনোভাবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অঙ্গীকার করেছেন। আইনপ্রণেতারা আশা করছেন, বিলটি কংগ্রেসে অনুমোদন পাবে। সমঝোতার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মেক্সিকো সীমান্তে ২ হাজার মাইল বেড়া নির্মাণের অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সমঝোতায় মাত্র ৫৫ মাইলজুড়ে দেয়াল নির্মাণের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দল। দেয়াল নির্মাণে কংক্রিটের পরিবর্তে ধাতব পদার্থ ব্যবহার করা হবে। আর আটককেন্দ্রে শয্যার সংখ্যা ৪৯ হাজার ৫৭টি থেকে কমিয়ে ৪০ হাজার ২৫০ টিতে নামানোর বিষয়ে সমঝোতা হয়েছে দুই দলের মধ্যে। সমপ্রতি ৩৫ দিন ধরে স্থায়ী একটি শাটডাউনের শেষ হয় যা ছিল দেশটির ইতিহাসে দীর্ঘতম।

সাংবাদিকের ওপর হামলা

সোমবার টেক্সাসের এল পাসোতে সমাবেশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমাবেশ চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক টুপি পরা এক সমর্থক বিবিসির ফটোগ্রাফার রন স্কিনস এবং আরো কয়েকজন সাংবাদিকের ওপর হামলা করেন। সাংবাদিক জানান, পেছনের দিক থেকে হামলা করা হয়। ফলে কী ঘটছে তা আমি বুঝে উঠতে পারিনি। প্রেসিডেন্ট ট্রাম্প হামলার বিষয়টি জেনেছেন। পরে তিনি জানান, সাংবাদিক সুস্থ আছেন।