মানবিক সহায়তার নামে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪১

মানবিক সহায়তার নামে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘উগ্রপন্থি’ বলে উল্লেখ করেছেন। এদিকে জাতিসংঘ মহাসচিব সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরো তার দেশের বর্তমান সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, এই সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার হস্তক্ষেপকে বৈধ করতে চায়। প্রেসিডেন্ট মাদুরো হোয়াইট হাউসের বর্তমান প্রশাসনকে ‘উগ্রবাদী গ্রুপ’ উল্লেখ করে বলেন, সারা বিশ্বের জনমতের কাছে এই গ্রুপ প্রত্যাখাত হবে।

জাতিসংঘের মধ্যস্থতার প্রস্তাব

ভেনিজুয়েলার চলমান সংকট উত্তরণে নতুন করে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা’র সঙ্গে আলাপকালে তিনি এ প্রস্তাব দেন। এছাড়া সংঘাত এড়াতে দেশটির বিবদমান দুই পক্ষের নিজেদের মধ্যে আলাপ-আলোচনার ওপরও গুরুত্বারোপ করেন জাতিসংঘ মহাসচিব।