নীতিগল্প : বক ও সরপুঁটি

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:০৫

মো. জোবাইদুল ইসলাম

 

ছোট্ট এক পুকুরে থাকত একটি সরপুঁটি আর অনেকগুলো ছোটপুঁটি। সেই পুকুরে নিয়মিত মাছ খেতে আসত লম্বা গলাওয়ালা বক। বকটি প্রতিদিন পুকুরের ধারে এসে বসত শিকার ধরার জন্য। একদিন বক পুকুরপাড়ে বসে আছে, হঠাত্ সরপুঁটিকে দেখামাত্রই বক তার লম্বা ঠোঁটের মাঝখানে তাকে আটকে ফেলল। তখন সরপুঁটি বকটিকে বলল, আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে ছেড়ে দিলে তার পরিবর্তে আমি তোমাকে ছোটপুঁটিদের খেতে  দেবো।

বকটি বলল, তোকে খেয়ে আমার যতটুকু পেট ভরবে ছোটগুলোকে খেয়ে তো অতোটা ভরবে না।

সরপুঁটি বলল, প্রতিদিন অনেকগুলো করে মাছ পাবে তুমি।

বক বলল, আবার এ কথা ভুলে যাবি না তো?

সরপুঁটি বলল, না, বক ভাই, মনে থাকবে।

সরপুঁটিকে ছেড়ে দিল বক। বিনিময়ে সেদিন সরপুঁটি তাকে অনেকগুলো ছোটপুঁটি খেতে দিল। তৃপ্তি নিয়ে খেয়ে বক বলল, আমার প্রতিদিন অনেকগুলো করে পুঁটি চাই।

পর দিন বক আবার এলো মাছ খেতে। ছোটপুঁটিগুলো বককে দেখে ভয়ে পানির গভীরে চলে গেল। বক সরপুঁটিকে দেখতে পেয়ে বলল, কী রে! আমার খাবার কই?

সরপুঁটি বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি ছোটপুঁটিদের ডেকে আনছি।

সরপুঁটি পানির গভীরে গিয়ে ছোটপুঁটিদের ভুলিয়ে ভালিয়ে বকের কাছাকাছি আনল। আর অমনি বক গাপুস গুপুস করে খেয়ে নিল। এভাবে প্রতিদিনই সে ছোটপুঁটিদের খেতে লাগল। তাকে বাড়তি কোনো কষ্টও করতে হয় না। কারণ সরপুঁটিই খাবার জোগাড় করে দেয়। এভাবে পুকুরের সব ছোটপুঁটি বকের পেটে চলে গেল।

এরপর বক মাছ খেতে এসে সরপুঁটিকে খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে সরপুঁটিকে পেয়েও যায়। আর সরপুঁটির মুখে ‘কোনো ছোটপুঁটি পুকুরে নেই, তোমার খাবার জোগাব কী করে?’ কথাটা শোনামাত্রই এক ঠোকরে সরপুঁটিকে ঠোঁটে নিয়ে আকাশে উড়াল দিল সে।

 

গল্পের শিক্ষা :অন্যকে বিপদে ফেললে শেষে

বিপদ নিজের উপরই আসে।