প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিনা মূল্যে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে :চিফ হুইপ

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:০৭

g শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, পৃথিবীর অনেক দেশ এখন পর্যন্ত টিকা গ্রহণের কার্যক্রমই শুরু করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিনা মূল্যে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে বাঁশকান্দির ভাওরকান্দি, সানকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বাঁশকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন, বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন, আধুনিক শ্মশানখোলা উদ্বোধন ও সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দিরে দুর্গোত্সব উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আর মাত্র ছয় মাস পরেই স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম তার বয়স এখন ৫০ বছর। আমরা সেই পঞ্চাশ বছর উদ্যাপন করতে যাচ্ছি।

চিফ হুইপ তার বক্তব্যে আরো বলেন, শিবচরের মানুষ কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ দেখে না। মসজিদ মন্দিরে আমরা উন্নয়ন করি। সমাজে কিছু খারাপ লোক থাকে। যারা মন্দির মসজিদে বিভিন্ন ঘটনা ঘটায়। এটা যে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের সাথে ঘটে তাই নয়। বাংলার মাটিতে আমাদের ঈদের নামাজেও বোমা ফোটতে দেখেছি। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানেও এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি। এটা যে শুধু ধর্মের জন্য তা না। দেশকে অস্থির করতে কখনো মন্দিরে কখনো মসজিদে ঘটনা ঘটানো হয়। চিফ হুইপের দিনব্যাপী প্রোগ্রামে তার সঙ্গে ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল, নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর ঘোষ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রশান্ত রাহা, বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খোকন বয়াতি প্রমুখ।