ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা
আগামীকাল ১৭ অক্টোবর থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে তিনটি ইউনিটে সর্বমোট ১৪ হাজার ৪০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তবে করোনা সংক্রমণের কথা চিন্তা করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, পরীক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা থাকবে। এছাড়া অভিভাবকদের জন্য প্রধান ফটকের বাইরে বসার ব্যবস্থা থাকবে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, আশা করি সকল পর্যায়ে সবার সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
